নেপালের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক বক্সিং বিজয়

স্পোর্ট রিপোর্টস : নেপালের মাটিতে ঐতিহাসিক বিজয়: প্রথম রাউন্ডেই নকআউট করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন শিমুল মিয়া।

বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে যুক্ত হয়েছে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির (BPBS) বক্সার শিমুল মিয়া নেপালের মাটিতে আন্তর্জাতিক পেশাদার বক্সিং প্রতিযোগিতায় স্বাগতিক নেপালের বক্সারকে পরাজিত করে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক বিজয় উপহারদিয়েছেন।

গত ৪ জুলাই ২০২৬, নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক পেশাদার বক্সিং আসর “One Time Thurman Championship – Season 2″এ বাংলাদেশের প্রতিনিধি শিমুল মিয়া স্বাগতিক নেপালের শক্তিশালী বক্সার উমাঙ্গা খাত্রি (Umanga Khatri)-কে প্রথম রাউন্ডেই দুর্দান্ত নকআউট (KO) করে জয় নিশ্চিত করেন।

দর্শকদের সামনে নেপালের মাটিতে এই জয় বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অর্জন। এটি প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বক্সাররা দক্ষতা, সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো প্রতিপক্ষের মোকাবিলা করতে সক্ষম।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি মনে করে, এই বিজয় শুধু একজন বক্সারের ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি গর্বের মুহূর্ত। শিমুল মিয়ার এই অসাধারণ পারফরম্যান্স দেশের তরুণ বক্সারদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির পক্ষ থেকে শিমুল মিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন,  আমরা বিশ্বাস করি, ধারাবাহিক পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্যের মাধ্যমে তিনি ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক আসরে, বাংলাদেশের লাল-সবুজের পতাকা গৌরবের সঙ্গে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবেন।

শিমুল মিয়ার এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দ প্রকাশ করে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহর নেতৃৃত্বে শিমুল মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়েছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির পক্ষ থেকে।

Share