‘রামায়ণ’র ট্রেলারে মুগ্ধ দর্শক

ডেস্ক : মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির নতুন ট্রেলার প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। রাবণ ও জটায়ুর আকাশপথে সংঘর্ষ, আগুনের বৃত্তে শিবের আরাধনায় মগ্ন রাবণ এবং ভগবান রামের সঙ্গে পরশুরামের মুখোমুখি হওয়ার দৃশ্য বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। ছবির বিশাল আয়োজন, চোখধাঁধানো ভিজ্যুয়াল ও অ্যাকশন দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনুরাগীদের একাংশ।

গত ১৫ অক্টোবর প্রকাশিত ট্রেলারে রাবণ ও জটায়ুর লড়াইয়ের দৃশ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সমাজমাধ্যমে এক অনুরাগী লিখেছেন, দৃশ্যটি প্রতিবার দেখার সময়ই তার মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়, গায়ে কাঁটা দেয়। আরেক দর্শকের মতে, বড়পর্দায় রাবণ-জটায়ুর এই সংঘর্ষ দর্শকদের দারুণ অভিজ্ঞতা দেবে। ছবিতে জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।

ট্রেলারের আরেকটি দৃশ্যও দর্শকদের নজর কেড়েছে। সেখানে আগুনের বৃত্তের মধ্যে শিবের মূর্তির সামনে প্রার্থনায় মগ্ন দেখা যায় যশের অভিনীত রাবণকে। অল্প সময়ের এই দৃশ্যকে শতাব্দীর অন্যতম সেরা ফ্রেম বলে মন্তব্য করেছেন এক অনুরাগী। রাবণের চরিত্রে যশের উপস্থিতি এবং দৃশ্যটির উপস্থাপনাও প্রশংসা পাচ্ছে।

এদিকে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের লুক নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরা। ট্রেলারে রাম ও পরশুরামের মুখোমুখি হওয়ার দৃশ্যকে ছবির অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন অনেকে। এক অনুরাগীর ভাষ্য, এই দৃশ্য যেন রামের যুগের সূচনা।

‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, লক্ষ্মণ হিসেবে রবি দুবে, রাবণ চরিত্রে যশ এবং হনুমানের ভূমিকায় সানি দেওল। এ ছাড়া রাজা দশরথের চরিত্রে দেখা যাবে অরুণ গোভিলকে। শূর্পণখার ভূমিকায় অভিনয় করছেন রাকুল প্রীত সিং। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিবেক ওবেরয়, কুণাল কাপুর, শোভনা, সৌরভ সচদেব, ফয়সল মালিক ও লারা দত্ত।

নমিত মালহোত্রার প্রযোজনায় ডিএনইজি ও প্রাইম ফোকাস স্টুডিওজের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন যশ। মহর্ষি বাল্মীকির প্রাচীন মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে দুই পর্বে তৈরি হচ্ছে এই সিনেমা সিরিজ।

Share