ভারতে যাচ্ছে ময়না

স্টাফ রিপোর্টার : ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “ময়না”।

ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, আগামি ১ থেকে ৪ অক্টোবর ভারতের গুজরাট প্রদেশে অনুষ্ঠিত হবে আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক কর্তৃপক্ষ আমাদের সরাসরি উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমরা স্বশরীরে উৎসবে অংশগ্রহণ করবো।

উৎসব আয়োজক কর্তৃপক্ষ ইমেইল বার্তায় অফিসিয়াল সিলেকশন জানিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেড কে, বিষয়টি নিশ্চিত করেছেন ময়না সিনেমার পরিচালক মেঘ।

আলিম উল্লাহ খোকনের গল্প ও প্রযোজনায় ময়না সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে চিত্রানায়িকা হিসেবে অভিষেক হয়েছেন নবাগত রাজ রিপা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, আমান রেজা, কায়েস আরজু, আরিফিন জিলানী, মিতুল, জারা, সুচনা, । অতিথি চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার, চিত্রনায়িকা জলি, আপন, ময়নার ছোট বেলার চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জান্নাতুল ভোর।

ময়না চলচ্চিত্র বাংলাদেশের সিনেমা হলে ব্যবসায়ীক ভাবে যেমন সাফল্য পেয়েছে তেমনি একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ী হচ্ছে। ইতালির গালফ অফ নেওপল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুরী স্পেশাল মেনশন এওয়ার্ড পেয়েছে ময়না, লন্ডনের ইএমএমএএস বিবিসি মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছে বেস্ট ফিল্ম প্রডাকশন এওয়ার্ড, অফিসিয়াল সিলেকশন পেয়েছে দক্ষিণ কোরিয়ার আপোরিয়া ভিলেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইজিপটিয়াম আমেরিকারন ফিল্ম ভেস্টিভ্যাল, দেওজন ইন্টারন্যাশনাল কুমসি ফিল্ম ফেস্টিভ্যাল, কলিজম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমাকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ভেস্টিভ্যাল, গোল্ডেন জুরী ইন্টারন্যাশনাল ফিল্ম ভেস্টিভ্যালসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে।

ময়না চলচ্চিত্রের প্রযোজক আলিম উল্লাহ খোকন বলেন, ময়না আমাদের সাফল্য দিয়েই যাচ্ছে, প্রায় দশের অধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ময়না অফিসিয়াল সিলেকশন পেয়েছে, এটা বাংলাদেশের জন্য অত্যান্ত গর্বের বিষয়, বিভিন্ন উৎসবে ময়না পুরস্কার পাচ্ছে, এটা যেমন আনন্দের তেমনি পরবর্তী সিনেমা আরো ভালো নির্মান করার দায়বদ্ধতা বাড়িয়ে দিচ্ছে।

খোকন আরো বলেন, সাধারণত যে সকল সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যায় সেগুলি তেমন ব্যবসা করতে পারেনা, কিন্তু ময়না সম্পূর্ণ ব্যাতিক্রম। ময়না একই সাথে বাণিজ্যিক ব্যবসা করেছে আবার আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হচ্ছে।

ময়না সিনেমায় আবহমান বাংলার গ্রামীন সাধারণ পরিবারের একজন মেয়ের শৈশব, কৈশোর, যৌবন বয়সে সামাজিক যে সকল প্রতিবন্ধকতা থাকে সেই দৃশ্যগুলি যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি সব বাধা জয় করে মাতৃত্বের আহ্ববানে একজন নারীকে আত্নপ্রত্যয়ী হবার সাহস দেখিয়েছে।

Share