শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন

ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণ বুধবার (২৯ এপ্রিল) কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বড়োসড়ো সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটেনি, যা এবারের নির্বাচনে উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলেই মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এদিন বিকেল ৬টা পর্যন্ত প্রায় ৯১ শতাংশ ভোট পড়েছে। এরপর আরও কিছুক্ষণ ভোটগ্রহণ চলায় চূড়ান্ত হার আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, প্রথম দফায় ভোট পড়েছিল প্রায় ৯৩ শতাংশ।

আইনশৃঙ্খলা বজায় রাখতে বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ালে তা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে ও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এবারের নির্বাচনে আলোচিত আসনটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটির বিধানসভা। এখানে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও পরে হত্যার শিকার হওয়া চিকিৎসকের মা রত্না দেবনাথ বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পানিহাটি ২৫ নম্বর ওয়ার্ডে বুধবার (২৯ এপ্রিল) তাকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়।

এদিকে, ভোট দিতে গিয়ে একজন ৮১ বছর বয়সী প্রবীণের অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এবারের নির্বাচনে সহিংসতায় কারও প্রাণহানির খবর মেলেনি। পরিসংখ্যান বলছে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলাকালীন ও পরবর্তীসময়ে রাজনৈতিক মৃত্যুও হয়েছিল ও আহত হয়েছিলেন ১ হাজার ৬৯১ জনের বেশি। সেই তুলনায় ২০২৬ সালের এই নির্বাচনে সহিংসতা অনেকটাই নিয়ন্ত্রিত বলেই দাবি করা হচ্ছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে। তখনই স্পষ্ট হবে, পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে।
Share